
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় সিরিজ জিততে শেষ টেস্টটিতে জয় কিংবা ড্র প্রয়োজন বাংলাদেশের। জয় পেলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে বাংলাওয়াশ করার কৃতিত্ব দেখাবে বাংলাদেশ। আর ম্যাচটি ড্র করলে ১-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলবে টাইগাররা। কিন্তু হেরে গেলে ১-১ সমতায় থেকে শেষ হবে টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের এমন সুযোগের সামনে থেকে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে নিউজিল্যান্ড ১৮০ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে করেছে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। এক্ষেত্রে টাইগারদের লিড ৩০ রানের। ঢাকা টেস্টের বাকি আছে আরও দুইদিন। জিততে হলে নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে তাদের অলআউট করতে হবে বাংলাদেশকে।
এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার নাঈম হাসান। তার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চান ‘প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিতে চাইবেন?’ উত্তরে নাঈম জানান, আমরা যদি ২০০-২২০ করতে পারি, তাহলেই আশা করি ম্যাচটা জিততে পারব। আমাদের বোলারদের প্রত্যেককেই ভালো বল করতে হবে। ওদের উইকেট দ্রুত তুলে নিতে হবে।
নাঈম আরও বলেন, এই ম্যাচ জয়ের জন্য যা যা কিছু দরকার সবকিছু আমরা করতে রাজি আছি। আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করব, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে।
নিউজিল্যান্ড লিড পাওয়ার বড় কারণ গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝড়ো ইনিংস। মিরপুরের মতো উইকেটে মাত্র ৭২ বল মোকাবেলা করে ফিলিপস হাঁকান ৯টি চার ও ৪টি ছক্কা। অথচ একই উইকেটে অন্য অনেকের একেকটি রানের জন্য করতে হচ্ছে সংগ্রাম। তাই নাঈম কিউইদের নিচের দিকের ব্যাটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করতেও কার্পণ্য করেননি।
নাঈমের ব্যাখ্যা, ‘ওরাও তো ক্রিকেট খেলতে এসেছে, তাই না? একটা পার্টনারশিপ তো হতেই পারে। যে কেউ একজন ভালো খেলতে পারে। ও ভালো করেছে, তাই লিড নিতে পেরেছে। লিড পেলে ভালো হতো। আল্লাহর রহমতে এখন আমরা ৩০ রান লিডে আছি। ভালো ব্যাটিং করলে ইনশাআল্লাহ একটা ভালো স্কোর হবে। একেকজনের খেলার ধরন একেকরকম। অনেকে লম্বা সময় ধরে কষ্ট করে রান করে। অনেকে মেরে রান করে। একেকজনের গেম প্ল্যান একেকরকম। আজ হয়ত ও সফল হয়েছে, কালও যে হবে নিশ্চয়তা নেই।’
মিরপুরের উইকেট নিয়ে নাঈম বলেন, উইকেট যেমনই হোক, খেলতে হবে। অজুহাত দেয়া যাবে না। এখন ফ্ল্যাট উইকেট দিলে কি বলব আমি বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটসম্যানরা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক, ভালো রান করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।




