
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন এই যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। পরদিনই বাংলাদেশের যুবারা মাঠে নামবে ভারতের বিপক্ষে।
প্রোটিয়াদের মাটিতে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে ১৬ দল নিয়ে। ২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। সেখানে ভারত ছাড়াও বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গ্রুপ ‘বি’ তে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’ তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এছাড়া গ্রুপ ‘ডি’ তে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
চার গ্রুপ থেকে প্রতিটির সেরা তিন দল নিয়ে হবে সুপার ১২। এরপর প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে হবে সুপার সিক্স। সেখান থেকে চার দল সেমিফাইনাল খেলবে। তারপর ১১ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে লড়াই।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সাময়িক স্থগিত করেছে আইসিসি। যে কারণে আসরটি সেখান থেকে সরে দক্ষিণ আফ্রিকায় চলে গেছে।
এদিকে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষেও ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে টাইগার যুবারা।




