
গত আসরে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী ও মোহামেডান। যার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর শিরোপা লড়াইয়ে সাদা-কালো আর আকাশি-নীল শিবিরের দ্বৈরথের দেখা মিলেছিল। কিন্তু এবার নতুন মৌসুমে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দেশের এই দুই জনপ্রিয় ক্লাব। ২০২০ সালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে পড়েছিল।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রতিযোগিতার ৩৫তম আসরের ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। সেখানে ‘বি’ গ্রুপে মোহামেডান-আবাহনীর সঙ্গী ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ। আর ‘সি’ গ্রুপে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি।
গ্রুপ পর্বের খেলা শেষে ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৬ দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠবে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি ক্লাব। খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। প্রথম দিন ‘এ’ গ্রুপের পুলিশ ও রহমতগঞ্জ এবং ‘সি’ গ্রুপের কিংস ও ফর্টিস পরস্পরের মুখোমুখি হবে।
গত মৌসুমের মতো এবারও এক সাথে চলবে ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের খেলা শুরু হবে ২২ ডিসেম্বর। খেলা হবে শুক্রবার ও শনিবার। ফেডারেশন কাপের ম্যাচ হবে মঙ্গলবার।
ফেডারেশন কাপের খেলা হবে তিন ভেন্যু রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রতিটি ম্যাচের ভেন্যুও নির্ধারিত হয়েছে লটারির মাধ্যমে। ফাইনাল হবে গোপালগঞ্জে। দুটি সেমিফাইনাল মুন্সিগঞ্জে। কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচের তিনটিই গোপালগঞ্জে, অন্যটি হবে কিংস অ্যারেনায়।
এদিকে সাড়ে ৭ মাস আগে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে নেমেছিল মোহামেডান ও আবাহনী। শেষ হাসি ছিল আলফাজ আহমেদের মোহামেডানের। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচের পর শিরোপা নিস্পত্তি হয়েছিল টাইব্রেকারে। মোহামেডান জিতেছিল ৪-২ গোলে।




