
সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় প্রথমবার হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়। তাই শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই কারণেই ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব পাকিস্তান শেষ পর্যন্ত পাবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত পিসিবি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের চুক্তি করার পর নিশ্চিত হলো, এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করেছে পিসিবি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ এই চুক্তি করেন।
এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে বসে আয়োজনের স্বত্ব চুক্তি করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে চলা আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি।’
এদিকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক সম্প্রতি পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে।




