
ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আইপিএলের ১৭তম আসর নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামও সম্পন্ন হয়েছে।
দুবাইয়ে মিনি নিলাম শেষে নিজেদের মতো দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে নিলাম থেকে তরুণ ক্রিকেটার সাকিব হোসেনকে কিনেছে দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে কে এই সাকিব?
ভারতের বিহারের গোপালগঞ্জের ছেলে সাকিব হোসেন। আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। এর মাধ্যমে ইশান কিশান, মুকেশ কুমারের পর বিহারের আরও এক ক্রিকেটার সুযোগ পেলেন আইপিএলের মঞ্চে।
তবে সাকিবের জীবন পাল্টে গিয়েছিল ২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত পাটনা ক্রিকেট লিগে। দুরন্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থের জন্য নজর কেড়ে চোখে পড়ে যান তিনি। এরপর বিহারের অনূর্ধ্ব-১৯ টিমেও সুযোগ পেয়ে যান এই পেসার।
সাকিব সেখানে ভালো পারফর্ম করে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান। ২০২২ সালে আবার মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিরুদ্ধে ২০ রান দিয়ে নেন চার উইকেট।
বোলার সাকিবের ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মুস্তাক আলিতে ভালো পারফর্ম করার পরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান তিনি। অনেক ফ্র্যাঞ্চাইজিই তাকে নেট বোলার হিসেবে দলে যোগ দিতে বলেছিল। কিন্তু সাকিব বেছে নেন চেন্নাই সুপার কিংসকে।
মহেন্দ্র সিং ধোনির টিম বাছাই করে ভুল যে করেননি, তা প্রমাণ হয়ে যাচ্ছে। নেটে সাকিবের প্রতিভা দেখে প্রশংসাও করেছেন ধোনি। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিও তার বোলিংয়ের প্রশংসা করেছেন।
কলকাতার হয়ে সুযোগ পাওয়ায় বেশ খুশি সাকিব। তাকে নিয়ে কলকাতা তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তরুণ।
এ নিয়ে সাকিব বলেন, 'আমি খুবই খুশি এমন একটি জনপ্রিয় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কলকাতা নাইট রাইডার্স এবং টিম ম্যানেজমেন্টকে আমাকে জায়গা দেওয়ার জন্য।'
'বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই গোপালগঞ্জ ও বিহারের সকলকে। তারা আমাকে লাগাতার সমর্থন করে গেছে এবং আমার মনে শক্তি জুগিয়েছে। আরও কয়েক জনের নাম না বললেই নয়, সেটি হলো অভিষেক স্যার। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার উপর বিশ্বাস দেখানোর জন্য। এবার সুযোগ পেলে আমি মাঠে খেলা দেখাবো।'




