
পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি
১৫: ০০, ডিসেম্বর ২৯
স্থানীয় সময় ১০টা ২৮ মিনিটের মধ্যে শুরু হতে হতো খেলা। তবে এর প্রায় ৩০ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টি থামেনি এখনো। ফলে সেটি থামলেও এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হবে না।
একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আজকের মতো সে ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটে হবে না, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।
এ ম্যাচে বাংলাদেশকে আশা জোগাবে পাওয়ার প্লের পরের কয়েক ওভারের বোলিং। শুরুতে শরীফুল ইসলামের আঘাতের পরও টিম সাইফার্ট আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ৬ ওভারের পর থেকেই আঁটসাঁট বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতে নেতৃত্ব দেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর ৩ ওভারে আসে মাত্র ১০ রান।
বৃষ্টি বিরতির আগে রান তুলতে ভুগছিলেন দুই কিউই ব্যাটসম্যানই। ড্যারিল মিচেল একাধিক সুযোগ দিয়েও বেঁচে গিয়েছিলেন।
রিশাদের দারুণ বোলিংয়ের পর বৃষ্টিতে বন্ধ খেলা
১৩: ১০, ডিসেম্বর ২৯
পাওয়ার প্লের পর বোলিংয়ে এসে টানা ৩ ওভার করলেন লেগ স্পিনার রিশাদ। সর্বশেষ ওভারে দিয়েছেন ৫ রান। মিচেল সোজা ব্যাটে খেলতে চেয়েছেন, তবে বাউন্ডারির দেখা পাননি। পাওয়ারপ্লের পর আর বাউন্ডারির দেখা পায়নি নিউজিল্যান্ড।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা। এখন পর্যন্ত ১১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। ২৪ বলে ১৮ রানে অপরাজিত ড্যারেল মিচেল, ১৪ বলে ৯ রান করে ব্যাটিং করছেন গ্লেন ফিলিপস।
বিপজ্জনক সাইফার্টকে থামালেন তানজিম
১২: ৫৭, ডিসেম্বর ২৯
আগের ওভারে রিশাদ চাপ তৈরি করেছিলেন। তানজিম ফিরে করলেন আঘাত। তাঁর স্লোয়ার ডেলিভারিতে তুলে মেরেছিলেন সাইফার্ট। তবে যেভাবে চেয়েছিলেন, সেভাবে পারেননি। মিড অফ থেকে সরে গিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। ২৩ বলে ৪৩ রান করে থেমেছেন সাইফার্ট, ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
টস
টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের মতো এদিনও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।




