
চলতি মাসে সিঙ্গাপুরকে হারানোর পুরস্কার পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাবিনা-সানজিদাদের জন্য নৈশভোজ এবং সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওল)।
সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে থাকা ফুটবলার ও কোচিং স্টাফের সবাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে ২৫ হাজার টাকার করে চেক প্রদান করে আইডিসিওল।
আইডিসিওল'র পুরস্কারের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাফুফের একজন এক্সিকিউটিভ স্টাফ। তার উদ্যোগেই বছরের শেষে এই স্বীকৃতি পেয়েছে নারী ফুটবলাররা। তবে এখনও বকেয়া রয়ে গেছে সাবিনাদের নিয়মিত বেতন।
শুক্রবার রাত পর্যন্ত নভেম্বর মাসের বেতন পাননি সাবিনারা। তবে দ্রুতই নারী ফুটবলারদের অ্যাকাউন্টে অর্থ যাওয়ার আশ্বাস দিয়েছে বাফুফে।




