
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন জর্জ লিন্ডা। ম্যাচ শেষে দুর্দান্ত এক গল্প শুনিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ঘড়ি ১৫ মিনিট স্লো থাকায় এই ম্যাচের আগে টিম বাস মিস করেছিলেন তিনি।
এই স্পিন অলরাউন্ডার বলেন, যে কারণেই হোক আমার ফোন সঠিক সময়ের চেয়ে ১৫ মিনিট পিছিয়ে ছিল। ভেবেছিলাম (বিকেল) চারটার সময় আমি নিচে নেমে বাসে উঠব। এরপর হোটেল থেকে বের হয়ে দেখলাম বাস চলে যাচ্ছে। তখনকার অনুভূতিটা মোটেও ভালো নয়। সৌভাগ্যবশত সেখানে পুলিশের গাড়িবহর ছিল, তারা আমাকে বাসে পৌঁছে দিয়েছে।
সতীর্থদের তো ব্যাপারটি টের পাওয়ার কথা যে লিন্ডা বাসে নেই! স্বাভাবিকভাবেই এ প্রশ্ন ওঠে। জবাবে তিনি বলেন, আসলে কেউই টের পায়নি যে আমি বাসে নেই, কী দারুণ ব্যাপার! এটা বিব্রতকর, তবে আমি মনে হয় পরের ম্যাচেও দেরি করতে পারি!
দক্ষিণ আফ্রিকার স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডা সবশেষ ২০২১ সালের ৭ সেপ্টেম্বর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচের পর তার জাতীয় দলে ফিরতে সময় লেগেছে তিন বছর। দীর্ঘ দিন পর মাঠে নামা লিন্ডা মাঠে ফিরেছেন ভয়ংকর রূপে।
আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ১৮৩ রানের পুঁজিতে সাতে নেমে ২৪ বলে ৪৮ রান করেন লিন্ডা। এরপর বল হাতে ২১ রানে খরচ করে ৪ উইকেট শিকার করেন।
আরটিভি/এসআর




