বাংলাদেশের জার্সিতে খেলতে একধাপ এগিয়ে গেলেন সামিত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৫:৪১ পিএম


সামিত সোম
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর এবার আরেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার সুযোগের অপেক্ষায়। তিনি কানাডা প্রবাসী সামিত সোম। এবার জানা গেল কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোম বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর আগ্রহ পোষণ করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ২ ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে জাতীয় দলে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

সামিত সোমকে আগামী জুনের উইন্ডোতে খেলানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। সামিত সম্মতি দেয়ার পর থেকেই তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ দ্রুত চলছে। প্রাথমিক ধাপ হিসেবে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জন্ম সনদের জন্য আবেদন করেছে বাফুফে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই জন্ম সনদ প্রস্তুত হয়ে যাবে এই ফুটবলারের।  

বাফুফে সূত্রে জানা গেছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগেই সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে নেমেছে দেশের ফুটবল ফেডারেশন। হাতে খুব বেশি সময় না থাকায় যত দ্রুত পারা যায় কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন। এরপর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন।   

বিজ্ঞাপন

জন্ম সনদ হাতে পেলেই বাংলাদেশি পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে পারবেন সামিত সোম। এ বিষয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তা নিয়ে তৎপর বাফুফে। এছাড়াও পাসপোর্ট ইস্যুতে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জানানো হয়েছে। 

এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম বলেন, 'বায়োমেট্রিকটা তাকেই দিতে হবে, কোনো না কোনো ধাপে। সে জন্য কানাডায় অবস্থিত বাংলাদেশ মিশনে তিনি যখন যোগাযোগ করবেন, আমাদের পরিচয় ছাড়া যোগাযোগ করলেও হবে, এইটুকু গ্যারান্টি আমাদের বাংলাদেশ মিশনের যে পাসপোর্ট উইং আছে তারা এইটুকু সেবা দেবেই। শুধু নাম বললেই চলবে যে, আমি অমুক আসছি, অমুক দরকারে বায়োমেট্রিক দিতে আসছি, তাতেই চলবে। এরপরও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা রেডি আছি।' 

বিজ্ঞাপন

সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। কিন্তু এর জন্য তাকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবেই লাল সবুজের জার্সিতে মাঠে খেলতে পারবেন সামিত সোম। 

বাংলাদেশের হয়ে খেলতে হলে সামিতকে প্রথমে বাংলাদেশের পাসপোর্ট করতে হবে। তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ করতে হবে। পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র সংগ্রহ করে তা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডিয়ান প্রবাসী সামিত। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, সামিত কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এবং দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী, কানাডার হয়ে যেহেতু সামিত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, তাই তার পক্ষে জাতীয় দল পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলা সম্ভব।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission