ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৮:২৩ পিএম


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফর আগামী ২২-২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ।

বিজ্ঞাপন

এবারই প্রথম নারী ক্রীড়াবিদদের একটি দল কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা এই সফরে সঙ্গী হতে যাচ্ছেন। 

আজ বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফরসঙ্গী হতে যাওয়া এই চার ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। 

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই চার নারী ক্রীড়াবিদ। তারা বলেন, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’ 

এই সময় নারী ফুটবলাররা জানান, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জানতে চাই।’ 

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টাকে নারী ক্রিকেটাররা বলেন, ‘কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।’

প্রফেসর ইউনূস বলেন, ‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এদেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পেরে আমিও ভীষণ আনন্দিত।’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission