
পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে রয়েছে পাঞ্জাব। দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই সাথে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।কিন্তু এসব কিছু পাবার পরও বোর্ডের শাস্তি থেকে রেহাই পেলেন না আইয়ার। জরিমানাও গুনতে হয়েছে তাকে।
আইপিএলের চলতি মৌসুমে বেশির ভাগ অধিনায়ক যে ভুল করে শাস্তি পেয়েছেন এবার শ্রেয়সও সেই একই ভুল করে শাস্তি পেলেন। অর্থাৎ নির্ধারিত সময়ে তার দল ২০ ওভার বল করতে পারেনি। এক ওভার কম বল করেছে। সে কারণে ম্যাচের সময় একটি ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখে পাঞ্জাব।যার কারণে অধিনায়ক হিসেবে শ্রেয়সের ১২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই ওভারেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই আগে ব্যাট করে ১৯০ রান করে। ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। ডেওয়াল্ড ব্রেভিস ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রভসিমরন সিংহ ৫৪ এবং শ্রেয়সের ৭২ রানের উপর ভর করে জয় তুলে নেয় পাঞ্জাব।
ম্যাচের পর শ্রেয়স বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। বিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভাল লাগে। আমি সকলের আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
পাঞ্জাব অধিনায়ক আরও বলেন, ‘ইদানীং আমি অনুশীলনে অনেক ক্ষণ জোরে বোলারদের বিরুদ্ধে ব্যাট করছি। বিশেষ করে নতুন বলে। তাতে আত্মবিশ্বাস অনেকটা ফিরে পেয়েছি। এই বিষয়টা নিয়ে কঠোর পরিশ্রম করছি।’
আরটিভি/এসকে-টি




