
খেলোয়াড়রা ফ্যাশন সচেতন সবার জানা। ক্রিকেটে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফ্যাশনের জন্য বারবার খবরের শিরোনামে আসেন। এবার আবারও সংবাদের শিরোনামে আসলেন হার্দিক। কিন্তু খেলার জন্য নয় হার্দিকের গ্লাভসের জন্য আলচনায় আসলেন তিনি। দামি গাড়ির প্রতি ঝোঁক দেখা যায় প্রায় সব ক্রিকেটারদের।
গলায় সোনার মোটা চেইন, কানে হিরের টপসও দেখা যায় অনেকের। সোনার ঘড়ি এমনকি ঘড়িতে হিরের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। তবে তাই বলে কোনও ক্রিকেটার হিরে দিয়ে সাজানো গ্লাভস পরে মাঠে নামেন এমনটা কল্পনা করাও ভুল।
তবে আইপিএলের মঞ্চে তেমনটাই দেখা গেল এবার। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন বলেছেন হার্দিক পান্ডিয়ার ব্যাটিং গ্লাভসে হিরে বসানো রয়েছে। যদিও বিষয়টি সত্যি কিনা তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যদিও হার্দিক পান্ডিয়া যে রকম বিলাসিতা দেখান, তাতে তার পক্ষে এমন কাজ অসম্ভব নয়।

জয়পুরে রাজস্থান বনাম মুম্বাই ম্যাচের আগে অনুশীলনে বিষয়টি খোলসা করেন সঞ্জু। রাজস্থান রয়্যালসের পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, সঞ্জু ও সূর্যকুমার একটি গ্লাভস পরীক্ষা করছেন। পাশে বসে আছেন হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ।
সেই সময় সঞ্জুকে বলতে শোনা যায় যে, ‘দেখো এখানে হিরে লাগানো রয়েছে। হার্দিকের গ্লাভসে হিরে। প্রথমবার দেখছি গ্লাভসে হিরে লাগানো রয়েছে।’ সঞ্জু হাসতে হাসতে খোঁচা দেন সূর্যকুমারকে। তখন সূর্য আঙুল দিয়ে দেখান গ্লাভসের কোথায় হিরে লাগানো রয়েছে। দুই তারকার হাসি দেখে মনে হওয়াই স্বাভাবিক যে, তারা মজা করছেন।
সঞ্জুদের কথা শুনে হার্দিকও না হেসে থাকতে পারেননি। পাশে বসা রিয়ান পরাগ তখন টিপ্পনি কাটেন এই বলে যে, ‘এটা এবার ভাইরাল হয়ে গেল।’ রিয়ানের কথা শেষ হওয়া মাত্রই সবাই এক সাথে হেসে ওঠেন। হার্দিকের গ্লাভসে চমকদার বস্তুর উপস্থিতির জন্যই স্যামসনরা মজা করে এমন মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে।
আরটিভি/এসকে




