আরচ্যারী ওয়ার্ল্ড কাপ খেলতে সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ মে ২০২৫ , ০৫:৩৭ পিএম


আরচ্যারী
ছবি: সংগৃহীত

আরচ্যারী ওয়ার্ল্ড কাপ খেলতে রবিবার (৪ মে) চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ মে অনুষ্ঠিত হবে আরচ্যারী ওয়ার্ল্ড কাপ স্টেজ টু প্রতিযোগিতা। বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছেন। রিকার্ভ ডিভিশনে তিনজন আর কম্পাউন্ডে দুইজন। রিকার্ভের তিনজন আরচ্যার হচ্ছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার।

বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে শনিবার (৩ মে) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানিয়েছেন, বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসকে সামনে রেখে কম্পাউন্ডে র‍্যাংকিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ।   

তবে ওয়ার্ল্ড কাপ থেকে এর আগে পদক পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আরচ্যারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির এক নাম্বার সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সাথে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারব। কারণ, আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।’

এদিকে ওয়ার্ল্ড কাপে আরও বেশি সংখ্যক আরচ্যার পাঠানোর পক্ষে মত দিয়েছেন আরচ্যারী ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আরচ্যার। আমরা সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে এসব খেলায় স্পন্সর পাওয়া কোন বিষয় না। ' 

আরও পড়ুন

ওয়ার্ল্ড কাপ শেষে ১২ মে দেশে ফিরবে বাংলাদেশ দল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহসভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।   

আরটিভি/এসকে-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission