যে কারণে ডিভিলিয়ার্সের সঙ্গে কয়েক মাস কথা বলেননি কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৮:৫০ এএম


কোহলি ও ডি ভিলিয়ার্স
ছবি: সংগৃহীত

একটা সময় আইপিএলে একই দলের হয়ে খেলেছেন। পরে সতীর্থ থেকে সেই সম্পর্ক বন্ধুত্বে গিয়ে পোঁছায়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব বেড়ে অনেক দূর চলে গিয়েছে। আজও সেই বন্ধুত্ব একই রয়েছে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মধ্যে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর সেই বন্ধুত্ব আরও এক বার দেখা গিয়েছে মাঠের ভিতরে। অথচ এই বন্ধু ডি ভিলিয়ার্সের সঙ্গে কয়েক মাস কথাই বলেননি কোহলি। সেই কারণ ডি ভিলিয়ার্স নিজেই জানিয়েছেন।   

একটি সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন বিরাট আবার আমাকে ফোন করে। তারপর থেকে ওর সঙ্গে যোগাযোগ আছে। মাঝে কয়েক মাস বিরাট আমার সঙ্গে কথাই বলেনি। অবশ্য দোষটা আমারই। বিরাট কিছু বলার আগেই ওর দ্বিতীয় সন্তানের জন্মের কথা আমি প্রকাশ করে ফেলেছিলাম। তাতে ওর খারাপ লেগেছিল।

গত বছর ইংল্যান্ড সিরিজে খেলেননি কোহলি। তখনই কোহলির দ্বিতীয় সন্তান জন্মের কথা জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছিলেন, আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।

এর পরেই ডি ভিলিয়ার্স বলেন, আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি যে আনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে।  বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।

তার পরেই অবশ্য নিজের কথা থেকে সরে এসেছিলেন ডি ভিলিয়ার্স। জানান, না জেনেই সেই মন্তব্য করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেছিলেন, আমি না জেনেই একটা কথা বলে দিয়েছিলাম। সেটা ঠিক করিনি। আমার উচিত ছিল বিরাটের সঙ্গে কথা বলা। আশা করছি বিরাটকে তাড়াতাড়ি মাঠে দেখতে পাব।

এমনকি, কোহলির কাছে ক্ষমাও চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। একটি ইউটিউব ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন, আমার বন্ধু বিরাট এখনও মাঠে নামতে পারছে না। আমি সবার কাছে অনুরোধ করছি ওদের একা থাকতে দিন। পরিবার সবার আগে। আমি জানি না কী হয়েছে? আমি শুধু সবাইকে অনুরোধ করছি ওদের সিদ্ধান্তকে সম্মান করতে। আমি মারাত্মক ভুল করে ফেলেছি। বিরাট ও তার পরিবারের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।

তার পরেই হয়তো কোহলির মন গলে। আবার পুরনো বন্ধুর সঙ্গে কথা শুরু হয় তার। সেই সময়ের কথা এত দিনে প্রকাশ করলেন ডি ভিলিয়ার্স। 
  
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission