এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে ইতিহাস গড়ল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে একসময় মাত্র ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরবোর্ডে তুলে ৪০৭ রান আর তাতেই ভেঙে গেল বাংলাদেশের অনন্য এক টেস্ট রেকর্ড।
এই ইনিংসের সবচেয়ে অবাক করা দিক হলো ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। টেস্ট ইতিহাসে এটাই প্রথম ঘটনা, যেখানে ছয় ব্যাটার ‘ডাক’ মারার পরও কোনো দল ৪০০’র বেশি রান তুলতে পেরেছে। এমন ঘটনাও আগে কখনও ঘটেনি ইংল্যান্ডের ১৫০ বছরের টেস্ট ইতিহাসে।
২০২২ সালের ২৩ মে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ছয় ব্যাটার শূন্য রানে ফেরার পর বাংলাদেশ করেছিল ৩৬৫ রান। এতদিন পর্যন্ত এটি ছিল ‘৬ ডাকের পর সর্বোচ্চ দলীয় সংগ্রহের’ রেকর্ড। এবার সেই রেকর্ড ইংল্যান্ডের দখলে।
চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দলের হাল ধরেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দুজন গড়েন ৩০৩ রানের অবিচ্ছিন্ন জুটি।ব্রুক করেন ১৫৮ রান, স্মিথ অপরাজিত থাকেন ১৮৪ রানে, যা ইংল্যান্ডের ইতিহাসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ টেস্ট ইনিংস। এই দুজন মিলে দলীয় ৪০৭ রানের মধ্যে ৩৪২ রান করেন, যা ইনিংসের ৮৪ শতাংশ। বাকি ৯ ব্যাটার ও এক্সট্রা মিলিয়ে আসে মাত্র ৬৫ রান।
যারা ফিরেছেন ‘ডাক’ মেরে: বেন ডাকেট,ওলি পোপ,বেন স্টোকস, ব্রাইডন কার্স,জশ টাং, শোয়েব বশির।
টেস্ট ক্রিকেট আবারও প্রমাণ করল এই ফরম্যাটে ম্যাচের মোড় কখন কীভাবে ঘুরে যায় বলা মুশকিল। ছয় ব্যাটার শূন্য রানে ফিরেও ৪০০’র বেশি রান তোলার ইতিহাস গড়ে ইংল্যান্ড শুধু একটি ম্যাচ বাঁচালো না, বরং ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিল এক নতুন রেকর্ডের পাতায়।
আরটিভি/এসকে -টি





