হার্শা ভোগলের প্রশংসায় ভাসলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১২:৩০ পিএম


হার্শার প্রশংসায় বাংলাদেশি আম্পায়ার সৈকত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আবারও নজর কাড়লেন আন্তর্জাতিক ক্রিকেটে। সম্প্রতি এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম ভারতের হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচে তার আম্পায়ারিং ছিল প্রশংসনীয়। ম্যাচে তার সিদ্ধান্তের নির্ভুলতায় মুগ্ধ হয়েছেন ক্রিকেটবিশ্ব, প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

এই ম্যাচে মোট ১০টি রিভিউ নেওয়া হয়েছিল সৈকতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে, যার মধ্যে মাত্র ২টি সিদ্ধান্ত পরিবর্তিত হয়। বাকী ৮টি ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সৈকত। যা আম্পায়ার হিসেবে তার আত্মবিশ্বাস ও দক্ষতার প্রতিচ্ছবি।

বিশেষ করে ম্যাচের পঞ্চম দিনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে এলবিডব্লিউ আউট দেওয়ার সিদ্ধান্তটি ছিল আলোচিত। ওয়াশিংটন সুন্দরের বল স্টোকসের প্যাডে লাগার পর আম্পায়ার সৈকত আউটের সংকেত দেন। স্টোকস অবাক হয়ে রিভিউ নেন, তবে রিপ্লেতে দেখা যায় সৈকতের সিদ্ধান্তই ছিল সঠিক।

ম্যাচ শেষে এক্স (সাবেক টুইটার)-এ হার্শা ভোগলে লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন, তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত। 

আরও পড়ুন

উল্লেখ্য, শরফুদ্দৌলা সৈকত হচ্ছেন আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার। তার ধারাবাহিকভাবে নির্ভুল ও আত্মবিশ্বাসী আম্পায়ারিং বাংলাদেশ ক্রিকেটের জন্যও গর্বের বিষয়। ভারতের ৩৩৬ রানের বিশাল জয় দিয়ে শেষ হওয়া টেস্ট ম্যাচে সৈকতের পারফরম্যান্স প্রমাণ করে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব যে কোনো দিক থেকেই হতে পারে গর্বের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission