দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, ইতিহাস গড়া মুহূর্ত, কোটি ভক্তের ভালোবাসা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়। ইউরোপীয় ক্লাব ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে ‘এল ক্লাসিকো’ লড়াইয়ের সময় এই দুই মহাতারকার মুখোমুখি লড়াই এক ভিন্ন মাত্রা পেয়েছিল। এরপর তারা পাড়ি জমালেন ভিন্ন মহাদেশে।
রোনালদো সৌদি আরবের আল-নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। ফলে অনেকটা বন্ধ হয়ে যায় এই যুগল দ্বৈরথের অধ্যায়। কিন্তু সাম্প্রতিক এক খবর বলছে আবারও দেখা যেতে পারে সেই মহারণ! সৌদি ক্লাব আল-আহলি এবার কোমর বেঁধে নেমেছে মেসিকে দলে টানার মিশনে। ফরাসি সংবাদমাধ্যম ‘ল’ইকুইপে’ জানিয়েছে, ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তিকে দলে ভেড়াতে তারা একটি প্রস্তাব দিয়েছে। এখনো চূড়ান্ত কিছু না হলেও আলোচনার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে। চুক্তি নবায়নের জন্য অতিরিক্ত এক বছরের সুযোগ থাকলেও এখনো নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে চুক্তির মেয়াদ শেষের আগে এমনকি চলতি বছরের শেষ দিকেই, নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, রোনালদো ইতোমধ্যে আল-নাসরের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত সৌদি ক্লাবটির হয়েই খেলবেন তিনি। ফলে যদি আল-আহলির প্রস্তাবে মেসি সম্মতি দেন, তবে ফের সৌদি প্রো লিগে দেখা যেতে পারে দুই কিংবদন্তির মুখোমুখি লড়াই।
২০২৩ সালে মেসি যখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন সৌদি আরবের একাধিক ক্লাব তাকে বিশাল অঙ্কের প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার আল-আহলি সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছে সূত্র।
মেসি ইতোমধ্যে এমএলএস-এ ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ এবং সাপোর্টারস শিল্ড জিতেছেন এবং ২০২৪ সালের এমভিপি নির্বাচিত হয়েছেন। তবে দক্ষিণ ফ্লোরিডায় তার অধ্যায় যে শেষের পথে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ফলে আবারও যদি সৌদি মাটিতে মুখোমুখি হন মেসি-রোনালদো, তাহলে তা হবে বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য ‘রিইউনিয়ন’। ফুটবলের ইতিহাসে যুগান্তকারী এই দ্বৈরথ আবারও যদি শুরু হয়, তবে তা যে শুধু সৌদি প্রো লিগ নয়, গোটা বিশ্বেই আলোড়ন তুলবেএ নিয়ে কোনো সন্দেহ নেই।
আরটিভি/এসকে




