
যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাক চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বোন মারিয়া সল। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ের দিন পেছানো হয়েছে। তার বিয়ে হওয়ার কথা ছিল আগামী ৩ জানুয়ারি, যা এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানায়, মারিয়া নিজেই এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতোও এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে মারিয়া বিপদমুক্ত আছেন। তবে সুস্থ হয়ে ওঠার জন্য তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে।
মেসির জন্মস্থান রোজারিওতে এই বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল। ভারত সফর শেষে মেসি এখন রোজারিওতে ছুটি কাটাচ্ছেন। মারিয়ার মা সেলিয়া বলেন, মারিয়া একটি এসইউভি গাড়ি চালানোর সময় দেয়ালে ধাক্কা মারে। এর ফলে তার কবজি পুড়ে গেছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোড়ালিরও আঘাত পেয়েছে।
মারিয়ার প্রেমিক হুলিয়ান, যিনি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কর্মরত। তারা রোজারিওর দক্ষিণাঞ্চলীয় লা বাজাদা এলাকায় বড় হয়ে ১২ বছরের প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন।
ব্যবসায়ী মারিয়া ‘বিকিনিস রিও’ নামে মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের মালিক।
দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ে পেছানোর খবর ফুটবল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি করেছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
আরটিভি/এসকে




