স্পেনের জামোরাহ প্রদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়েগো জোটা। নিজেদের সেরা ফুটবলারের সম্মানে জোটা ২০ নম্বর জার্সিটি পুরোপুরি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।
শুক্রবার (১২ জুলাই) এই ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি। শুধু লিভারপুল পুরুষ সিনিয়র দলই নয়, নারী ও একাডেমির বয়সভিত্তিক দলসহ প্রতিটি ক্ষেত্রেই আর ২০ নম্বর জার্সি কাউকে দিতে চায় না লিভারপুল।
এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, এটি সেই নম্বর যেটি তিনি গর্ব ও সম্মানের সঙ্গে পরতেন। আমাদের অগণিত জয়ের প্রক্রিয়ায় নিয়ে গেছেন— দিয়েগো জোটো লিভারপুল ফুটবল ক্লাবের ২০ নম্বর হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবেন।
লিভারপুল ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস জানিয়েছেন, আমি বিশ্বাস করি, লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে এমন একটি সম্মাননা দেওয়া হলো। সুতরাং, বলা যায় একজন অনন্য ও অসাধারণ মানুষের প্রতি এটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এই স্কোয়াড নম্বরটি অবসর দিয়ে আমরা একে চিরস্থায়ী করে নিয়েছি। এটি আমরা কখনোই ভুলে যাব না।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দেন। তারপর থেকে তিনি অলরেডসের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন।

এই সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন: একটি প্রিমিয়ার লীগ (২০২৪-২৫), একটি এফএ কাপ (২০২১-২২) এবং একটি লীগ কাপ (২০২১-২২)। সবশেষ জাতীয় দলের জার্সিতে নেশন্স লিগ জিতেছিলেন তিনি।
এরপর গত ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। কিন্তু ১২ দিনের মাথায় প্রাণ হারালেন তিনি।
লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের হয়ে একত্রে খেলা সতীর্থরা গত সপ্তাহে জোতা ও তার ভাইয়ের শেষকৃত্যে অংশ নেন। সেখানেই জন্মভূমি পোর্তোর গোন্ডোমারে চিরসমাহিত করা হয়েছে এই দুই ফুটবলারকে। এ ছাড়া পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মাননা জানানোর আয়োজন ছিল লিভারপুলের ঘর অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে।
আরটিভি/এসআর





