দুই দেশের হয়ে খেলা মুরের অবসর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৮:২৩ পিএম


পিটার মুর
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দুই দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের তালিকাটি বেশ ছোট। ইতিহাসে মাত্র ১৭ জন ক্রিকেটার এই বিরল কীর্তি গড়েছেন। সেই তালিকার অন্যতম পিটার মুর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সে উইকেটকিপার এই ব্যাটারের হঠাৎ অবসরের সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট বিশ্ব।

বিজ্ঞাপন

হারারেতে জন্ম নেওয়া মুরের শিকড় আইরিশ বংশে। ২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হলেও পরবর্তীতে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হয় তার। জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৮টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি।

২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। বাবার দিক থেকে আইরিশ হওয়ায় দেশটির নাগরিকত্ব পান তিনি। ২০২৩ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে প্রথমবার আয়ারল্যান্ডের টেস্ট দলে ডাক পান। আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন ৭টি টেস্ট। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে খেলেন নিজের শেষ টেস্ট।

বিজ্ঞাপন

এক সময় মুর আশাবাদী ছিলেন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার বিষয়ে। আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্টের আগে ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বিশ্বাস করি, শীর্ষ পর্যায়ে এখনও তিন থেকে চার বছর ক্রিকেট খেলার সামর্থ্য আমার আছে। এমনকি আমার মনে হয় শেষ কয়েক বছরে আমি জিম্বাবুয়ের হয়ে বেশ কয়েকটি বিশ্বকাপ মিস করেছি। আশা করি, আয়ারল্যান্ডের হয়ে আগামী বিশ্বকাপে খেলতে পারব।

তবে সেই আশা আর পূরণ হয়নি। আয়ারল্যান্ডের হয়ে তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে কখনও খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ের হয়ে টেস্টে ৩৫.৫৩ গড়ে পাঁচটি অর্ধশতক হাঁকানো মুর আয়ারল্যান্ডের জার্সিতে ব্যাট হাতে ছিলেন রীতিমতো বিবর্ণ। সাত টেস্টে তার গড় মাত্র ১৪.৩৫, অর্ধশতক একটিই। তবে সেই একমাত্র ফিফটিটি ২০২৪ সালের জুলাইয়ে নিজের পুরনো দল জিম্বাবুয়ের বিপক্ষে, আয়ারল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুটি দেশের হয়ে টেস্ট খেলার বিরল অভিজ্ঞতা অর্জনের পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পিটার মুর একটি অনন্য যাত্রার শেষ টানলেন নীরবেই। 

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission