অবসরের ঘোষণা দিলেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৬:৩১ পিএম


অ্যাঞ্জেলো ম্যাথিউস
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরের কথা জানিয়েছেন তিনি। দল চাইলে সীমিত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন ম্যাথিউস। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লঙ্কান তারকা লিখেছেন, ‘কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। দেশপ্রেম ও জাতীয় দলের জার্সির অধীনে থাকার এমন অনুভূতি অন্য কিছুতে পাওয়া যায় না।’

তিনি আরও লিখেন, ‘ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং বিনিময়ে পেয়েছি সব, যা আমাকে আজকের আমিতে পরিণত করেছে। আমার ক্যারিয়ারের উত্থান-পতনে সঙ্গে থাকা প্রতিটি শ্রীলঙ্কান সমর্থকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জুনে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট হবে লাল বলে দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ।’

সাদা বলে খেলা চালিয়ে যেতে চান এই লঙ্কান অলরাউন্ডার। এই বিষয়ে তিনি বলেন, ‘টেস্ট থেকে বিদায়ের বিষয়ে আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছি। একইসঙ্গে সাদা বলের ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাই, যতদিন দেশের জন্য প্রয়োজন পড়ে। আমাদের বর্তমান টেস্ট দল অনেক প্রতিভাসম্পন্ন, যেখানে বর্তমান ও ভবিষ্যতের অনেক সম্ভাবনাময়রা খেলছে। এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়, যাতে তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে।’ 

২০০৯ সালে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় ম্যাথিউসের। এরপর জাতীয় দলের হয়ে ১১৯ ম্যাচ খেলেছেন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন। ১২,৪০০ রান করে শীর্ষে কুমার সাঙ্গাকারা, ১১,৮১৪ রান করে দুইয়ে মাহেলা জয়াবর্ধনে। আর ৪৪.৬২ গড়ে ১৬ সেঞ্চুরি ও ৪৫ ফিফটিতে ৮,১৬৭ রান ম্যাথিউসের। বল হাতে শিকার করেছেন ৩৩ উইকেট।

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission