
ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী এক অনন্য রেকর্ড গড়লেন। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে যুব টেস্টে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলার হিসেবে নাম লেখালেন এই প্রতিভাবান বাঁহাতি স্পিনার।
বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন সূর্যবংশী। বেকেনহামে শুরু হওয়া দুই ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই গড়েন এই কীর্তি। দ্বিতীয় দিনের খেলায় তার স্পিন জাদুতে ছিন্নভিন্ন হয় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে যখন ইংলিশ ব্যাটারদের জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিলেন, তখন আস্থা রাখেন সূর্যবংশীর ওপর। নিজের তৃতীয় ওভারের শেষ বলে হামজা শেখকে লো ফুলটসে খেলতে বাধ্য করেন তিনি। বলটি উঠে যায় লং অফে, সহজ ক্যাচ। ৮৪ রান করা হামজা আউট হতেই ভাঙে ১৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।
এর মধ্য দিয়েই বৈভব সূর্যবংশী নাম লেখান ইতিহাসে। উইজডেনের হিসেব অনুযায়ী, এর আগে ভারতের সবচেয়ে কম বয়সে যুব টেস্টে উইকেট নেওয়ার রেকর্ড ছিল মানিশির, যিনি ২০১৯ সালে ১৫ বছর ১১৫ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
যুব টেস্টের ইতিহাসে বয়সের হিসেবে সূর্যবংশী এখন তৃতীয় সর্বকনিষ্ঠ উইকেটশিকারি। এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের মাহমুদ মালিক, যিনি ১৯৯৪ সালে মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে উইকেট নেন নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় স্থানে আরেক পাকিস্তানি, হিদায়াতুল্লাহ খান (১৩ বছর ২৫১ দিন)।
এই তালিকায় রয়েছে বাংলাদেশেরও দুটি নাম। বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বছর ১৩৯ দিনে উইকেট পান সিলেটে। আর আরিফুল হক ২০০৭ সালে কলম্বোতে ১৪ বছর ২৩১ দিনে উইকেট নেন। পরবর্তীতে আরিফুল জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ১টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন, আর নিহাদুজ্জামান বর্তমানে ঘরোয়া ক্রিকেট ও বিপিএল-এ নিয়মিত মুখ।
২০২৫ সালের আইপিএলে নজর কাড়া পারফরম্যান্সের পর থেকেই আলোচনায় ছিলেন বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের প্রতিভার ছাপ রাখলেন তিনি। বয়স মাত্র ১৪, সামনে যে তার আরও অনেক ইতিহাস গড়ার পথ খুলে যাচ্ছে তা বলাই বাহুল্য।
আরটিভি/এসকে




