
টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যে নতুন করে আশার আলো দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় দেখে আবেগাপ্লুত তামিম বললেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছু করেই দেখাবে।
মাত্র কয়েক মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতায় কোণঠাসা ছিল বাংলাদেশ। তবে দৃশ্যপট পাল্টাতে সময় লাগেনি। লিটন দাসের নেতৃত্বে দলটি যেন নবজাগরণের পথে হাঁটছে। শ্রীলঙ্কা সফরে ৮৩ রানের বড় জয়ে ঘুরে দাঁড়ানোর সূচনা, এরপর শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়—এই ধারাবাহিকতায় মিরপুরে দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন তামিম ইকবাল। পরে সংবাদমাধ্যমে তিনি বলেন, “টি-টোয়েন্টিতে আমরা সাধারণত এমন সাফল্যের আশা করি না। কিন্তু এই দলটা যদি এভাবে খেলে, তাহলে বিশ্বকাপে ভালো কিছু করবেই।”
এ বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন লিটন দাস। শুরুর দিকের হতাশা—বিশেষ করে পাকিস্তান সফরে হোয়াইটওয়াশের পর টানা ছয় ম্যাচ হার—সেই ব্যর্থতা কাটিয়ে চার ম্যাচের টানা জয় যেন ফিরিয়ে এনেছে পুরনো আত্মবিশ্বাস।
এই জয়কে ‘বাংলাদেশ ক্রিকেটের পুনর্জাগরণ’ হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, “এই জয় শুধু ক্রিকেটারদের নয়, ভক্ত-সমর্থকদেরও প্রাপ্য। এই দলটা খুবই তরুণ। পারফরম্যান্স না এলে সমালোচনা হয়, কিন্তু জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে।”
তামিমের কথায় স্পষ্ট—এই সাফল্য সাময়িক নয়, বরং সামনে আরও বড় কিছু অর্জনের ইঙ্গিত। টি-টোয়েন্টিতে নতুন এক সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ।
আরটিভি/এসকে




