
ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন মামলা। জয়পুরের এক তরুণী এবার যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করেছেন। অভিযোগ অনুযায়ী, ক্রিকেটজীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দু’বছর ধরে ওই তরুণীর সঙ্গে সহবাস করেছেন যশ। ঘটনার সময় অভিযোগকারিণী নাবালিকা ছিলেন বলে পুলিশ যশের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে।
তরুণীর অভিযোগ, আইপিএলের একটি ম্যাচ খেলতে জয়পুরে এসে যশের সঙ্গে তার আলাপ হয়। ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অজুহাতে যশ তাকে হোটেলে ডাকেন এবং সেখানেই ধর্ষণ করেন বলে দাবি নির্যাতিতার। পরে আরও একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হন তারা।
এর আগেও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক তরুণী যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগকারিণী দাবি করেছিলেন, তার সঙ্গে যশের সম্পর্ক ছিল সাড়ে চার বছরের। নিজের বক্তব্যের পক্ষে বেশ কিছু তথ্য-প্রমাণও পুলিশের কাছে জমা দেন তিনি। এমনকি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও তিনি অভিযোগ জানান, যার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করতে ২১ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে মুখ্যমন্ত্রীর দফতর।
২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহের কাছে ঐতিহাসিক পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়েছিলেন যশ দয়াল। আইপিএলের শেষ নিলামে তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। চলতি মৌসুমে বিরাট কোহলিদের হয়ে তার পারফরম্যান্স নজর কাড়লেও, একের পর এক ধর্ষণের অভিযোগ তার ক্রিকেটজীবনকেই বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরটিভি/এসকে




