
২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি হার্নান্দেজকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডফিল্ডারকে দলে পেতে ম্যানচেস্টার সিটিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, রদ্রির জন্য রিয়াল মাদ্রিদ ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৬০ কোটি টাকা!
এটাই হতে পারে রিয়ালের এবারের গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় চমক। এর আগে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে তারা। এছাড়াও ডিন হুইসেন, ফ্রাঙ্কো মাসতান্তুনো এবং আলভারো ক্যারেরাসকে দলে ভিড়িয়ে ইতিমধ্যেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে ক্লাবটি।
রদ্রির আগমন ঘটলে রিয়ালের মাঝ মাঠ হয়ে উঠবে ইউরোপের অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ইউনিট। কোচ জাবি আলোনসোও চাইছেন মাঝ মাঠে একজন অভিজ্ঞ ও স্থির মিডফিল্ডার। যার মাধ্যমে দলের নিয়ন্ত্রণ আরও মজবুত হবে। এই জায়গায় রদ্রি হতে পারেন আদর্শ নাম।
সিটির হয়ে ২৬৫ ম্যাচ খেলে ১১টি শিরোপা জিতেছেন ২৮ বছর বয়সী রদ্রি। যদিও ইনজুরির কারণে গত বছর কিছুদিন মাঠের বাইরে ছিলেন, তবে দ্রুতই ছন্দে ফিরেছেন তিনি। রিয়ালের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবেক কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস বলেন, ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স দেখলেই বোঝা যায়, রদ্রি না থাকলে কী বিশৃঙ্খলা তৈরি হয়। সে থাকলে মাঝমাঠে সবকিছু নিখুঁতভাবে চলে, যেন কিছুই চোখে পড়ে না। অথচ সে-ই সবকিছুর নিয়ন্ত্রক।
বর্তমানে রদ্রির সঙ্গে সিটির চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। ফলে এখনই তাকে কিনতে হলে রিয়ালকে বড় অঙ্কের অর্থই খরচ করতে হবে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, রিয়াল চাইলে এক বছর অপেক্ষা করে কম খরচে এই মিডফিল্ডারকে দলে নিতে পারে।
এখন পর্যন্ত রিয়ালের গ্রীষ্মকালীন দলবদল:
ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড – ফ্রি ট্রান্সফার
ডিন হুইসেন – ৬৩৫ কোটি টাকা ($৫৮ মিলিয়ন)
ফ্রাঙ্কো মাসতান্তুনো – ৫২৫ কোটি টাকা (€৪৫ মিলিয়ন)
আলভারো ক্যারেরাস – ৫৮০ কোটি টাকা (€৫০ মিলিয়ন)
রদ্রি (প্রস্তাবিত) – ১,৩৬০ কোটি টাকা (€১১৫ মিলিয়ন)
সব মিলিয়ে প্রায় ৩,১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করে গ্রীষ্মকালীন দলবদলে ঝড় তুলেছে রিয়াল মাদ্রিদ। রদ্রি যদি শেষ পর্যন্ত বার্নাব্যুতে নাম লেখান, তবে রিয়ালের মাঝমাঠ কেবলই শক্তিশালী হবে না, বরং হয়ে উঠবে ইউরোপের সবচেয়ে ভয়ংকর ইউনিটগুলোর একটি—যেখানে প্রতিপক্ষের জন্য নিঃশ্বাস নেওয়াও হবে দুষ্কর!
আরটিভি/এসকে




