কোপা দেল রেতে দুর্বল তালাভেরার বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লস ব্লাঙ্কোস বিপক্ষে কঠিন লড়াই করেছে স্বাগতিকরা। তবে শেষ হাসিটা হেঁসেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে কোপা দেল রের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তালাভেরার মাঠে তাদের ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
এদিন ম্যাচে দুই-তৃতীয়াংশের বেশি সময় পজেশন রেখে ৪১তম মিনিটে এমবাপ্পের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় সফরকারীরা। চার মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় তারা।
এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো। ৮০তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে তালাভেরা। ডি-বক্সে বাঁ দিক থেকে জোরাল কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।
আট মিনিট পরেই অবশ্য আবার দুই গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এমবাপের ২৩ ম্যাচে গোল হলো ২৮টি। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭২ গোল হলো বিশ্বকাপ জয়ী তারকার।
তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে নতুন নাটকীয়তার আভাস দেন গনসালো। কিন্তু বাকি সময়ে আর কিছু করতে পারেনি তারা।
আরটিভি/এসআর




