
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর কোচিং ক্যারিয়ারে দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনার কথা জানালেন ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল ম্যানেজার পেপ গার্দিওলা। স্পেনের জিকিউ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ জানান, সিটি থেকে বিদায় নেওয়ার পর তিনি বিশ্রামে যাবেন এবং সেই বিরতি ১৫ বছর পর্যন্তও হতে পারে।
গার্দিওলা বলেন, ‘আমি জানি, সিটি থেকে চলে যাওয়ার পর আমি থামবো, এটা একেবারে নিশ্চিত। সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছি। তবে আমি জানি না কতদিন বিরতি নেব এক বছর, দুই বছর, তিন, পাঁচ, দশ বা পনেরো— কিছুই নিশ্চিত নয়। তবে আমার শরীর ও মনোযোগের জন্য এটা দরকার।’
ম্যানচেস্টার সিটির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তার অধীনে ক্লাবটি জিতেছে ১৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
তবে গেল মৌসুমটি গার্দিওলার জন্য বেশ কঠিন ছিল। ম্যানসিটির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো ট্রফি জিততে ব্যর্থ হন তিনি। ইনজুরির কবলে পড়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মৌসুমের বড় সময় বাইরে ছিলেন। ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরেই এএসএল ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত সিটি প্রিমিয়ার লিগ শেষ করেছে তৃতীয় অবস্থানে, এবং চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগেই বিদায় নেয়।
সেই চাপের বর্ণনা দিতে গিয়ে গার্দিওলা বলেন, ‘গত চার-পাঁচ মাস ধরে আমি প্রতিটি অ্যাওয়ে স্টেডিয়ামে দর্শকদের মুখে শুনেছি, ‘তোমাকে ছাঁটাই করা হবে’। অন্য কোনো পেশায়— স্থপতি, শিক্ষক, ডাক্তার কিংবা সাংবাদিক— ৬০ হাজার মানুষ একসঙ্গে এমনটা চায় না যে আপনি চাকরি হারান।’
তবে মৌসুমটিকে ব্যর্থ বলতে রাজি নন গার্দিওলা। ‘মোটেও এতটা খারাপ ছিল না,’ বলেন তিনি, ‘আমরা এফএ কাপ ফাইনালে পৌঁছেছি এবং প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছি— যা আগে কখনো হয়নি।’
তিনি আরও যোগ করেন, আমরা বেশ কয়েকটি ম্যাচ জয়হীন ছিলাম—১৩ বা ১৪টা, যা আগে কখনো হয়নি। তবে এই অভিজ্ঞতা আমাদের কোথায় দাঁড়িয়ে আছি তা বুঝতে সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য এটা ক্লাবের জন্য ইতিবাচক হবে। আমরা আগামী বছর আরও ভালো করব।
উল্লেখ্য, ম্যানচেস্টার সিটি ২০২৫-২৬ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে ১৬ আগস্ট, উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আরটিভি/এসকে/এস




