
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক রাতে জয়ের ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দলের নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ডের জোড়া গোলে বোর্নমাউথকে ৩–১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।
অ্যাস্টন ভিলার বিপক্ষে আগের ম্যাচে গোলশূন্য থেকে সমালোচনায় ছিলেন হলান্ড। তবে শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে যেন আগুন ঝরালেন এই স্ট্রাইকার। ম্যাচের ১৭ মিনিটে নতুন সতীর্থ রায়ান চেরকির অ্যাসিস্ট থেকে নিখুঁত ফিনিশে প্রথম গোল করেন তিনি।
তবে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সিটি। ২৫ মিনিটে কর্নার থেকে দোন্নারুমার ভুল পাঞ্চের সুযোগ নিয়ে টাইলার অ্যাডামস জোরালো শটে সমতা ফেরান বোর্নমাউথের হয়ে। এটি ছিল ইংলিশ লিগে যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডারের প্রথম গোল।
৩৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন হলান্ড। চেরকির সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাসে গোলরক্ষক পেত্রোভিচকে কাটিয়ে দ্বিতীয়বারের মতো বল পাঠান জালে। এ নিয়ে প্রিমিয়ার লিগে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল ১৩ ক্লাব ও দেশের হয়ে মৌসুমে মোট ২৬ গোল।
দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন হলান্ড, কিন্তু পেত্রোভিচের দুর্দান্ত সেভে তা প্রতিহত হয়। এরপর ৬০ মিনিটে তরুণ নিকো ও'রেইলি ডান পায়ে নিচু শটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৩–১ এ। শেষ পর্যন্ত সেই স্কোরলাইনেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিটিজেনরা।
এই জয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে পরাজয়ে বোর্নমাউথ নেমে গেছে চতুর্থ স্থানে।
আরটিভি/এসকে




