
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তাবিত ভোটার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আনাবাসিক ছাত্র।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হল প্রশাসনের প্রকাশিত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় শিক্ষার্থীদের মাঝে আলোচনার ঝড়।
এদিকে মাঠের ক্রিকেটেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিম সাকিব। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি পেসার। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।
আগামী ৬ আগস্ট প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মিরপুরে ফিটনেস ক্যাম্পে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডস সিরিজের জন্য দল যাবে।
শিক্ষা ও খেলার মাঠে একসঙ্গে এগিয়ে চলা তানজিম সাকিবের এই যাত্রা এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও চর্চার বিষয়।
আরটিভি/এসকে




