
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে ভারত। সিরিজ জয়ে বড় অবদান রাখা পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং ও অবস্থান।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে বড় সাফল্য পেয়েছে পাকিস্তান, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও।
বুধবার (৬ জুলাই) আইসিসি পুরুষদের ক্রিকেটের হালনাগাদকৃত সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। ওভালে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে সিরাজ শিকার করেন ৯ উইকেট, আর প্রসিধের শিকার ৮ উইকেট। ইংলিশদের বিপক্ষে এই ম্যাচে ৬ রানে জয় পায় ভারত। সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে সিরাজ এখন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫তম। প্রসিধ কৃষ্ণাও পেয়েছেন ক্যারিয়ারসেরা ৩৬৮ রেটিং পয়েন্ট, ২৫ ধাপ এগিয়ে উঠেছেন ৫৯ নম্বরে।
ইংল্যান্ডের জশ টাংও পেয়েছেন বড় পুরস্কার। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়ে তিনি এখন ৪৬তম। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৩ ধাপ এগিয়ে ৪র্থ) এবং নাথান স্মিথ (২৪ ধাপ এগিয়ে ৮৫তম) জায়গা করে নিয়েছেন উন্নত র্যাঙ্কিংয়ে। শীর্ষ তিনে রয়েছেন যথারীতি জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।
ব্যাটিংয়েও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত-ইংল্যান্ড সিরিজে দারুণ ফর্মে থাকা হ্যারি ব্রুক ৪৮১ রান করে এক ধাপ এগিয়ে এখন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে। যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচে। যদিও সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, সিরিজে সর্বোচ্চ রান করা (৭৫৪) শুভমান গিল চার ধাপ পিছিয়ে আছেন ১৩তম অবস্থানে। ব্যাটিং র্যাঙ্কিং সর্বশেষ হালনাগাদ হয়েছে ৩১ জুলাই পর্যন্ত, তাই ওভাল টেস্টের রান এখনও অন্তর্ভুক্ত হয়নি।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দারুণ অগ্রগতি হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের। ব্যাটারদের মধ্যে হাসান নওয়াজ ২৪ ধাপ এগিয়ে ৩০তম, সাইম আইয়ুব ২৫ ধাপ এগিয়ে ৩৭তম, সাহিবজাদা ফারহান ৩৪ ধাপ এগিয়ে ৬৩তম এবং সালমান আলি আগা ১৫ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থানে এসেছেন।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন সুফিয়ান মুকিম ৬৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫তম স্থানে। মোহাম্মদ নওয়াজ ৫১ ধাপ এগিয়ে ৫৬তম এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২৩ ধাপ এগিয়ে এখন ৩২তম।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষে আছেন জ্যাকব ডাফি ও অদিল রশিদ। নতুন করে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি রয়েছেন অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও তিলক ভার্মা।
আরটিভি/এসকে




