
জাতীয় দলে জায়গা পাওয়া না-পাওয়া নিয়ে খুব একটা ভাবেন না উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বরং নিজের পারফরম্যান্স আর সামনের চ্যালেঞ্জেই মনোযোগ তার। ‘এ’ দলের হয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে আত্মবিশ্বাসী সোহান জানালেন, তিনি প্রতিযোগিতা মনে করেন নিজের সাথেই।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেও জাতীয় দলের দরজায় কড়া নাড়লেও সেটি খুলছে না সোহানের জন্য। তবে এতে নিরাশ নন তিনি। সোজাসাপ্টা ভাষায় সোহান বলেন, ‘কেউ আমার প্রতিদ্বন্দ্বী এভাবে দেখি না। আমার মনে হয়, যে ভালো, যে ডিজার্ভ করে সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই।’
তিনি আরও যোগ করেন, ‘সামনে যেটা থাকে সেটাতেই পুরোপুরি ফোকাস করি। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, এখন পুরোপুরি ফোকাস এখানেই। মাঠে পারফর্ম করাটাই আমার কাজ। কোনো সময় হয়, কোনো সময় হয় না। এটা নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাপার।’
জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা না পাওয়াকে সোহান দেখেন বিশ্বাস ও ভাগ্যের জায়গা থেকে। তার ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, অতটুকুই হবে। আমি এটা নিয়ে কথা বলাও ঠিক মনে করি না। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ও নিজেকে আরও ভালো করার চেষ্টা করি।’
সব মিলিয়ে সোহানের ভাবনায় এখন একটাই বিষয়, মাঠে নিজের শতভাগ দেয়া এবং আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভালো করা।
আরটিভি/এসকে/এস




