
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে ভারতের দল গঠন চলছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপে দল তৈরি করতে চায় টিম ইন্ডিয়া।
কিন্তু ফিটনেসের কারণে দলের তিন বড় তারকা শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের দলে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করবেন। সবশেষ ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট ও পারফরম্যান্স বিবেচনা করে দল নির্বাচন করা হবে।
বর্তমানে ভারতীয় দলে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিং করছেন, সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে ৩ ও ৪ নম্বরে, এবং পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া খেলছেন। এই ব্যাটিং অর্ডারে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের মতো খেলোয়াড়ের জায়গা নেই বলে জানা গেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, অভিষেক শর্মা এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার, সঞ্জু স্যামসনের পারফরম্যান্স দারুণ, সূর্য অধিনায়ক এবং তিলক বার্মা নিজের স্থান পাকা করে নিয়েছেন। তাই শুভমান, যশস্বী ও রাহুলদের জায়গা হয়নি।
আইপিএলে কমলা টুপির মালিক সাই সুদর্শনেরও দলে সুযোগ পাওয়া হচ্ছে না। উইকেটরক্ষক হিসেবে সঞ্জু খেললে দ্বিতীয় অপশনে হতে পারেন জিতেশ শর্মা বা ধ্রুব জুরেল। ঋষভ পান্ত চোটের কারণে বাদ।
অলরাউন্ডারদের মধ্যে রিঙ্কু সিংহ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবের নাম রয়েছে। চোটে থাকা কারণে নীতিশ কুমার রেড্ডি বাদ পড়েছেন। দলে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব থাকবেন স্পিনার হিসেবে।
পেসারদের মধ্যে রয়েছেন অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ। বুমরাহ ইংল্যান্ড সফরে খেলেছেন তবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে খেলতে নাও পারেন। এশিয়া কাপে হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে একজন সুযোগ পেতে পারেন।
ভারতের এই দল গঠন থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, ফিটনেস ও বর্তমান ফর্মকে গুরুত্ব দিয়ে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়তে যাচ্ছে ভারত।
আরটিভি/এসকে/এস




