
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৯২ রানে অলআউট হয় পাকিস্তান। সেই সাথে হারের স্বাদ পায় তারা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। যা পাকিস্তানের বিপক্ষে তাদের ৩৪ বছরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৯৪ রান করে। অধিনায়ক শাই হোপ ৯৪ বল খেলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রান করেন, যা তার ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে ১১০ রানের জুটিই দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয়। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট তুলে নেন নাসিম শাহ ও আবরার আহমেদ।
লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামে। ওপেনার সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিনজনই শূন্য রানে সাজঘরে ফিরেন। বাবর আজম করেন মাত্র ৯ রান। ১৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন ক্যারিবীয় পেসার জেইডেন সিলস। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সালমান আলি আগা। এরপর মোহাম্মদ নওয়াজ অপরাজিত ২৩ ও হাসান নওয়াজ করেন ১৩ রান।
২৯.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যাওয়ায় পাকিস্তান ২০২ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের আরেকটি লজ্জাজনক পরিসংখ্যান যুক্ত হলো। এর আগের সর্বনিম্ন দুটি রানের রেকর্ড ৪৩ ও ৭১ উইন্ডিজদের বিপক্ষে।
আরটিভি/এসকে -টি




