
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেনের মেয়ে ও ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ক্রিকেট মাঠে পন্তের দুর্দান্তভাবে ফেরার গল্পই সবচেয়ে বেশি তাকে মুগ্ধ করেছে।
২০২২ সালের ডিসেম্বরে এক সড়ক দুর্ঘটনায় হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে গুরুতর চোট পান পন্ত। চিকিৎসকেরা দীর্ঘ সময় বিশ্রামের পরামর্শ দিলেও মাত্র ১৫ মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি।
ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস বলেন, ঋষভ পন্তের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। দুর্ঘটনার পর যেভাবে তিনি লড়াই করে ফিরেছেন এবং যে লেভেলে খেলছেন অবিশ্বাস্য! তিনি দারুণ শক্ত মানসিকতার মানুষ। হ্যাটস অফ টু হিম। তিনি আসলেই গ্যাংস্টা।
গ্রেসের মতে, পন্তের এই প্রত্যাবর্তন শুধু শারীরিক সক্ষমতার নয়, মানসিক দৃঢ়তারও এক অনন্য উদাহরণ। তিনি আরও বলেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারও (২৭ কোটি রুপি) পন্ত, যা প্রতিভা ও জনপ্রিয়তার প্রমাণ।
পন্তকে নিয়ে গর্বিত গ্রেস জানান, বাবার ক্রিকেট জীবনের সুবাদে ছোটবেলা থেকেই ভারতের সঙ্গে তার বিশেষ বন্ধন গড়ে উঠেছে। হাসিমুখে তিনি যোগ করেন, আমি ডাল আর রুটি ভীষণ ভালোবাসি। বাবা সবসময় ভারত থেকে মশলা নিয়ে আসতেন।
আরটিভি/এসকে




