
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে রশিদ খান গড়লেন এক লজ্জার রেকর্ড। ওভাল ইনভিন্সিবলসের হয়ে বোলিং করতে নেমে ৪ ওভারে (প্রতি ওভারে ৫ বল) খরচ করেন ৫৯ রান; যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্পেল। আরও হতাশার বিষয় হলো এত রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি তিনি।
বার্মিংহ্যাম ফিনিক্সের বিপক্ষে ম্যাচে এই ব্যয়বহুল বোলিংয়ের বড় মূল্য দিয়েছে ওভাল ইনভিন্সিবলস। আগে ব্যাট করতে নেমে তারা ১০০ বলে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান করে। ডনোভান ফেরেইরা ২৯ বল খেলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। জবাবে ২ বল হাতে রেখে ও ৪ উইকেট বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বার্মিংহ্যাম ফিনিক্স।
ফিনিক্সের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উইল স্মিড। তিনি ২৯ বলে করেন ৫১ রান আর লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৬৯ রান। বিশেষ করে লিভিংস্টোন রশিদের বিপক্ষে ভয়ঙ্কর রূপ নেন। এক ওভারে টানা পাঁচ বলে ৩ ছক্কা ও ২ চার মেরে নেন ২৬ রান। পুরো ইনিংসে তিনি ৭ চার ও ৫ ছক্কা হাঁকান।
এই ম্যাচ শুধু রশিদের দ্য হান্ড্রেড এর ক্যারিয়ারেই নয়, তার টি-টোয়েন্টি জীবনের সবচেয়ে ব্যয়বহুল বোলিং রেকর্ড। এর আগে ২০২৩ বিশ্বকাপের পর অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হন। অনেকেই তার এই অফফর্মের কারণ হিসেবে পুনর্বাসন প্রক্রিয়ার প্রভাবকে দায়ী করছেন।
এদিন আরেকটি মাইলফলক ছুঁয়েছেন লিভিংস্টোন। প্রথম ক্রিকেটার হিসেবে রশিদ খানের বিপক্ষে ২০০ রান পূর্ণ করলেন তিনি। আশ্চর্যের বিষয়, অন্য কোনো ব্যাটারের রশিদের বিপক্ষে ১৫০ রানও নেই।
আরটিভি/এসকে




