
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন নারী ক্রিকেটাররা। তবে আন্তর্জাতিক কোনো সূচি না থাকায় মেয়েদের লাল-সবুজ দল এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে প্রস্তুতিমূলক একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি।
বুধবার (২০ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে খেলতে নেমে বাংলাদেশ নারী লাল দল মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায়। এতে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ৮৭ রানে হেরেছে লাল দল।
যা সহজে মানতে পারেনি নেটিজেনরা। তাই নিগার সুলতানা জ্যোতিদের এই হার নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল চলছে। আর এই ট্রল সহজভাবে নেননি নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।
তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পাঠকদের সুবিধার্থে পোস্টে হুবুহু তুলে ধরা হলো:
আজকের ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল। আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তা
দের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনও নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার ও প্রস্তুতির অবস্থা– এসব নিয়ে একদিনও ভেবেছে?
নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনও কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েকদিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব?
উল্লেখ্য, আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, কলম্বোয় প্রতিপক্ষ পাকিস্তান।
৭ অক্টোবরে গুয়াহাটিতে পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা। ১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই তিনটি ম্যাচ হবে ভারতের বিশাখাপট্টনমে। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
আরটিভি/এসআর




