
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। ঢাকায় স্কিল অনুশীলন শেষে মিরাজ-শান্তরা এখন সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে ঢাকা ছাড়ার আগে ক্রিকেটাররা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক করেন।
‘শেয়ার অ্যান্ড কেয়ার’ নামের সেই বৈঠকে ক্রিকেটাররা তাদের মতামত তুলে ধরেন। একইসঙ্গে বোর্ড সভাপতিও পরিচালকদের কাছ থেকে নানা দিকনির্দেশনা শোনেন।
এবার বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও শিগগিরই এ ধরনের বৈঠক করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শুধু তাই নয় অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের সঙ্গেও বসার কথা শোনা যাচ্ছে। যা ইংল্যান্ড সফরের আগেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগামী মাসে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে তাদের সঙ্গেও বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে বিকেএসপিতে অনুশীলন ম্যাচ খেলছে নিগার সুলতানা জ্যোতিরা। এই টুর্নামেন্ট শেষ হবে ২৮ আগস্ট। এরপরই নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি।
ইতিমধ্যেই সভাপতি জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে এ ধরনের বৈঠক নিয়মিতভাবে চলবে এবং প্রতি তিন মাস পরপর এই বৈঠক আয়োজন করা হবে।
আরটিভি/এসকে




