
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) শুরু হয়েছে নতুন আঙ্গিক। গত মৌসুম থেকে পরিবর্তন এসেছে ফরম্যাট, দলসংখ্যা ও ম্যাচ সূচিতে। এবার ড্র-ও হচ্ছে নতুন নিয়মে, যুক্ত হয়েছে ডিজিটাল প্রযুক্তি।
সবশেষ প্লে-অফ শেষে এবারের আসরের ৩৬ দলের তালিকা চূড়ান্ত হয়েছে। ক্লাব ব্রুগ, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন প্লে-অফ পার হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১০টায় মোনাকোয় হবে লিগ পর্বের ড্র।
কিভাবে হবে ড্র: ৩৬টি দলকে উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে। এক নম্বর পটে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
ড্রয়ের শুরুতে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দেবে, কোন আটটি দলের বিপক্ষে সেই দল খেলবে। সফটওয়্যার তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে কোন ম্যাচ ‘হোম’ আর কোন ম্যাচ ‘অ্যাওয়ে’ হবে।
প্রথম পটের সব দলের প্রতিপক্ষ নির্ধারণের পর একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে।
নতুন নিয়মের শর্ত
. প্রতিটি দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
. একই দেশের দুটি দল মুখোমুখি হবে না।
. একটি দল সর্বোচ্চ দুটি ভিন্ন দেশের দলের বিপক্ষে খেলবে।
সব শর্ত মেনে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি দলের প্রতিপক্ষ চূড়ান্ত করবে। ফলে এবারের ড্র হবে আরও স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর।
আরটিভি/এসকে/এস




