
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হওয়া আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিসিবি সভাপতি বলেন, আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই স্কুলের মাঠেই লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো, সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করে সঠিকভাবে গড়ে তোলা। স্কুল ক্রিকেট অনেকদিন ধরেই হচ্ছে, তবে এবার আমরা নতুন উদ্যোগে সেটিকে আরও শক্তিশালী করব। শুধু ক্রিকেটার নয়, দেশজুড়ে ক্রিকেটভক্তও তৈরি হবে।
তিনি আরও বলেন, আঞ্চলিক পর্যায়ে এ ধরনের আয়োজন শুধু প্রতিভা বিকাশ নয়, ক্রিকেট সংস্কৃতি ও প্রশিক্ষণ ব্যবস্থাকেও শক্তিশালী করবে। এখান থেকে সুপার ট্যালেন্ট বের হয়ে আসবে। প্রতিটি জেলা যেন নিজস্ব ক্রিকেট সত্তা গড়ে তুলতে পারে, সেদিকেই আমাদের নজর।
চট্টগ্রামের এই আয়োজনের প্রশংসা করে বিসিবি সভাপতি দেশের অন্যান্য আঞ্চলিক ক্রিকেট সংস্থাকেও একই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার মতে, প্রতিটি জেলা শুধু একটি দল নয়, বরং পুরো ক্রিকেট পরিবার হিসেবে গড়ে উঠতে পারে, যেখানে খেলোয়াড়দের পাশাপাশি ফিজিও, ট্রেনারসহ সব সাপোর্ট স্টাফ থাকবে।
উল্লেখ্য, নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা হবে। আগামী ৮ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা পুরস্কার।
আরটিভি/এসকে




