
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) শারজাহতে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে সালমান আলি আগার দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৮২ রান। দলের পক্ষে অধিনায়ক সালমান আগা খেলেন ঝড়ো ইনিংস। মাত্র ৩৬ বল খেলে অপরাজিত ৫৩ রান করেন তিনি। তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ (১১ বলে ২১ রান) এবং ওপেনার সাহিবজাদা ফারহান (১০ বলে ২১ রান)। ফখর জামান ও সাইম আয়ুবের জুটি কিছুটা আশা জাগালেও আফগান স্পিনের তোপে বেশি দূর এগোতে পারেননি তারা।
জবাবে, ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুটা ভালো করেছিল। রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে ইনিংস। একপর্যায়ে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। শেষ দিকে রশিদ খান চেষ্টা করলেও সঙ্গীর অভাবে সেটা আর কাজে আসেনি।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পেয়েছেন দুটি করে উইকেট। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ ২ উইকেট নিলেও খরচ করেছেন ৪৭ রান।
শেষ পর্যন্ত আফগানিস্তান ১৯.৫ ওভারে অলআউট হয় ১৪৩ রানে। ফলে ৩৯ রানের দারুণ জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে পাকিস্তান। এদিকে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
আরটিভি/এসকে




