
সৌদি প্রো লিগে অভিষেকটা রূপকথার মতো করে স্মরণীয় করে রাখলেন পর্তুগালের ফুটবলার জোয়াও ফেলিক্স। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন আল নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ ফরোয়ার্ড। গোল পেয়েছেন দলের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে ৫–০ গোলের দারুণ জয় পেয়েছে আল নাসর।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জর্জ জেসুসের দল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। গ্যাব্রিয়েলের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফেলিক্স। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।
বিরতির পর জ্বলে ওঠেন রোনালদো–ফেলিক্সরা। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৯৪০তম গোল। হাজার গোলের মাইলফলকের পথে আরেকটি ধাপ এগিয়ে গেলেন তিনি। মিনিটখানেক পর চমৎকার এক হেডে ৩–০ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান।
এরপরই শুরু হয় ফেলিক্স শো। ৬৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। আর শেষ দিকে রোনালদোর শট ডিফেন্ডার ও ক্রসবার ছুঁয়ে ফিরে এলে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে পূর্ণ করেন অভিষেকের হ্যাটট্রিক।
চেলসি থেকে আল নাসরে যোগ দেওয়ার পর সুপার কাপে দুটি ম্যাচ খেললেও লিগে এটি ছিল ফেলিক্সের প্রথম ম্যাচ। আর সেই অভিষেকেই হ্যাটট্রিক করে রূপকথার গল্প লিখে রাখলেন ২৫ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
আরটিভি/এসকে




