
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার সঙ্গেই যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে অনুষ্ঠিত চার দিনের প্রথম টেস্ট ম্যাচে একদিন বাকি থাকতেই ইনিংস ও ১২ রানের ব্যবধানে হেরে গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন দল।
প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। মাত্র ৩৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১৪ রানে। সর্বোচ্চ ২৭ রান আসে ১১ নম্বর ব্যাটার মোহাম্মদ এনামুল হকের ব্যাট থেকে।
জবাবে দক্ষিণ অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে তুলে ৩৮০ রান। জেসন সাঙঘা খেলেন ইনিংস সেরা ১৪৩ রানের দারুণ এক ইনিংস। এতে প্রথম ইনিংসেই ২৬৬ রানে পিছিয়ে পড়ে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেনি অঙ্কনের দল। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে দিন শেষ করলেও তৃতীয় দিনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
শাহাদাত হোসেন দীপু ৪৯ রান ও ইয়াসির আলি রাব্বি ৩৬ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক অঙ্কন ও নাঈম হাসান ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটি গড়লেও সেটিও দলের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে দুই হাসান হাসান মাহমুদ ও হাসান মুরাদ মিলে আরও ৪৮ রান যোগ করলেও ততক্ষণে হার অনিবার্য হয়ে পড়ে।
অবশেষে ৮৩.৩ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ফলে ইনিংস ও ১২ রানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে জর্ডান বাকিংহাম সর্বাধিক ৩ উইকেট শিকার করেন। সিরিজে ফিরতে এখন দ্বিতীয় টেস্টে লড়াইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।
আরটিভি/এসকে




