
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এলো আসন্ন সফরগুলো। চোটের কারণে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোতে খেলা হচ্ছে না দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের।
এই বিষয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) জানিয়েছে, পিঠের নিচের অংশে চোট পাওয়ায় কামিন্সকে এই দুই সিরিজে বিবেচনা করা হবে না। তবে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন এবং বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বোলিং শুরু করতে পারবেন কিনা, সেটি পরে নির্ধারণ করা হবে।
অক্টোবরে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এর আগে নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ঠিক এই দুই গুরুত্বপূর্ণ সিরিজেই পাওয়া যাবে না অধিনায়ক কামিন্সকে। ফলে কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনের সিরিজে থাকছেন না অজি অধিনায়ক।
৩২ বছর বয়সী কামিন্স সর্বশেষ ক্যারিবিয়ান সফরে তিন টেস্টে মোট ৯৫.১ ওভার বোলিং করার পর পিঠে ব্যথা অনুভব করেন। পরীক্ষায় তার কটিদেশীয় মেরুদণ্ডে চোট ধরা পড়ে। যদিও এটি স্ট্রেস ফ্র্যাকচার নয়, তবে দীর্ঘমেয়াদী ইনজুরি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার কামিন্স গত কয়েক বছর চোটমুক্ত থেকে ধারাবাহিকভাবে খেলেছেন। অধিনায়কত্ব নেওয়ার পর থেকে তিনি মাত্র দুটি টেস্ট মিস করেছেন। এমনকি ২০১৭ সালের প্রত্যাবর্তনের পর থেকে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল নাথান লায়ন।
তার অনুপস্থিতিতে স্কট বোল্যান্ড, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং নাথান লায়নকে নিয়েই বোলিং আক্রমণ সাজাতে হবে অজিদের। তবে এদের বয়স বিবেচনায় আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ হতে যাচ্ছে অন্যতম বয়স্ক সমন্বয়।
স্টিভ স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও দলের সেরা ফাস্ট বোলারের ইনজুরি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দেবে।
আরটিভি/এসকে




