
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি (SA20)-র চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আসরের খেলোয়াড় নিলাম বসবে ৯ সেপ্টেম্বর। নিলামে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
মোট ৭৮২ জন ক্রিকেটার এ আসরে খেলার জন্য নাম জমা দেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ২৩ জন ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের ৯ জন। অর্থাৎ, নিলামে উঠবেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার।
এই তালিকায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। তরুণ ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। তবে বড় চমক হলোএই তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
পুরো নিলামে তোলা হবে মোট ৫৪১ জন ক্রিকেটারকে। এর মধ্যে ২৪১ জন বিদেশি খেলোয়াড়। বিদেশি কোটা খালি আছে ২৫টি। অন্যদিকে দেশি (দক্ষিণ আফ্রিকান) ক্রিকেটার নিলামে উঠবেন ৩০০ জন, যেখানে শূন্য পদ রয়েছে ৫৯টি।
এখন চোখ থাকবে ৯ সেপ্টেম্বরের নিলামে, কোন বাংলাদেশি খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে পারেন।
নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আরটিভি/এসকে




