
আইএলটি২০-এর চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। আগের তিনটি আসর জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হলেও এবার প্রতিযোগিতাটি এক মাস এগিয়ে আয়োজিত হচ্ছে। এবারের আসর ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও ডেসার্ট ভাইপার্স। পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর খেলবে শারজাহ ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্স, এবং ৪ ডিসেম্বর মাঠে নামবে গালফ জায়ান্টস ও এমআই এমিরেটস। লিগ পর্বে চারদিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এটি শেষ হবে ২৮ ডিসেম্বর।
নকআউটপর্ব শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুটি দল; জয়ীরা ফাইনালে উঠবে, হারলেই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে এলিমিনেটর জয়ীর বিপক্ষে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২ জানুয়ারি, এবং ফাইনাল হবে ৪ জানুয়ারি।
আইএলটি২০-এর আগের তিন আসরের মতো এবারের আসরও অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে।
গতবার ডেসার্ট ভাইপার্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছিল দুবাই ক্যাপিটালস, আর তার আগের দুই আসরের শিরোপা এমআই এমিরেটস অর্জন করেছিল।
আরটিভি/এসকে/এস




