
নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেলো বাংলাদেশ। ব্যাট হাতে চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস।
আইসিসি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে দেখা যায়, তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ২৪ বলে ২৯ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৫৪ রান করেন। রেটিং পয়েন্ট এখন তার ৫৬২।
অন্যদিকে, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসও এক ধাপ উন্নতি করে ৪৭ নম্বরে উঠে এসেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচে ২৯ বলে ৫৪ রানের ইনিংস বাংলাদেশকে জয় এনে দেয়। লিটনের রেটিং পয়েন্ট ৫৩৪।
তবে সকলের জন্য সুখবর নয়। তাওহীদ হৃদয় দুই ম্যাচের একটিতেও ব্যাটিংয়ে সুযোগ না পাওয়ায় ৬ ধাপ পিছিয়ে লিটনের পরে অবস্থান করছেন। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর অবস্থানও ৪ ধাপ করে কমেছে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। তার পরে অবস্থান তিলক ভার্মা, ফিল সল্ট, জস বাটলার ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের।
বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশি হাসান মাহমুদ ৬ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনও কিছুটা পিছিয়েছে। এই ফরম্যাটের বোলারদের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি, দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ, তিন ও চারয়ে আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী, এবং পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের উজ্জ্বল পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আশা জাগাচ্ছে, বিশেষ করে তরুণ তানজিদ হাসান তামিমের ধারাবাহিক ছন্দ।
আরটিভি/এসকে




