
ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল শুরু হওয়ার আগেই দর্শকদের জন্য এলো দুঃসংবাদ। নতুন কর কাঠামোর কারণে এবার থেকে আইপিএলের ম্যাচ দেখতে হলে আরও বেশি টাকা গুনতে হবে সমর্থকদের।
বুধবার কেন্দ্রীয় সরকার জিএসটির নতুন হার ঘোষণা করেছে। এ নিয়ম অনুযায়ী, আগে যেখানে আইপিএলের টিকিটে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো, এখন থেকে দিতে হবে ৪০ শতাংশ। অর্থাৎ আইপিএলের টিকিটকে রাখা হয়েছে জিএসটির সর্বোচ্চ স্তরে।
টিকিটের নতুন দাম হিসাব
১০০০ টাকার টিকিট → আগে ১২৮০ টাকা, এখন ১৪০০ টাকা
৬৪০ টাকার টিকিট → এখন ৭০০ টাকা
২০০০ টাকার টিকিট → আগে ২৫৬০ টাকা, এখন ২৮০০ টাকা
এর সঙ্গে যোগ হবে স্টেডিয়াম ফি ও অনলাইন বুকিং চার্জ, ফলে খরচ আরও বাড়বে।
তবে আশার খবর, সাধারণ কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট ম্যাচের টিকিটে আগের মতোই ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য থাকবে। শুধু আইপিএলকে ‘প্রিমিয়াম বিনোদন’ হিসেবে ধরে কর বাড়ানো হয়েছে।
অন্যদিকে সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে স্বস্তির খবর। সিনেমার টিকিটে কর কমানো হয়েছে। ১০০ টাকা বা তার কম মূল্যের টিকিটে কর কমে হয়েছে ৫ শতাংশ, তবে ১০০ টাকার বেশি মূল্যের টিকিটে দিতে হবে ১৮ শতাংশ কর।
সব মিলিয়ে বলা যায়, আইপিএল দেখতে মাঠে ঢুকতে হলে এবার দর্শকদের কাঁধে পড়বে অতিরিক্ত খরচের বোঝা।
আরটিভি/এসকে




