
জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে এই আনন্দের খবরটি শেয়ার করেন তিনি।
মিরাজ লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।”
২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেন মিরাজ। এর এক বছর পর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান পুত্র মুদ্দাসসির হাসান ওয়াফিক।

তবে খুশির এই সময়ে পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে পারবেন না জাতীয় দলের এই ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।
নতুন জীবনের এই খুশির মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা মিরাজ ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
আরটিভি/এসকে




