
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তার নেতৃত্বে এখনও ধারাবাহিক সাফল্য পায়নি বাংলাদেশ দল। সাম্প্রতিক পারফরম্যান্সে উঠেছে নেতৃত্ব নিয়ে প্রশ্নও। তবে এই সমালোচনার মাঝে মিরাজের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, সবাই জানে মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়... সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।
মিরাজের নেতৃত্ব নিয়ে সমালোচনার জবাবে বুলবুল বলেন, তিন ফরম্যাটে তিন অধিনায়ক হতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছি। অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তারপরও দেখা হবে, যারা আছে তাদের মধ্যে কে সেরা কাজটা করতে পারে। একজন দুইটা ফরম্যাটে করতে পারে, আবার কেউ তিনটাতেও করতে পারে। সবই নির্ভর করছে পরিস্থিতির ওপর।
এ সময় মিরপুরের উইকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। উইকেট নিয়ে তিনি জানান, প্রথম দুটো ম্যাচে উইকেটটা একটু ধীরগতির ছিল। মিরপুরের মাটি মনে হচ্ছে স্বাভাবিকভাবেই কিছুটা ধীর। আগে উইকেট সচল করতে কিছু মরা ঘাস দেয়া হতো। এবার সেটি না দেয়ায় হয়তো একটু ধীরগতির হয়ে গেছে। আজকের উইকেট শুকনো ছিল, ময়েশ্চার কম। আমি বিশেষজ্ঞ নই, তাই এর বেশি কিছু বলা ঠিক হবে না।
বুলবুলের মন্তব্যে পরিষ্কার, বোর্ড এখনই মিরাজের ওপর আস্থা হারাচ্ছে না। বরং সময় দিয়ে তাকে পরিণত নেতৃত্বের দিকে এগিয়ে নিতে চায় বিসিবি।
আরটিভি/এসকে




