
তিনবার ফাইনালে উঠেও এশিয়া কাপের শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার নতুন আশায় মাঠে নামছে টাইগাররা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় প্রথম দফার ক্রিকেটাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। এ দলে ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস, জাকের আলি, অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাড়ে ৭টায় আরেকটি ফ্লাইটে দেশ ছাড়বেন।
বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রস্তুতি নিয়েই যাচ্ছি। লক্ষ্য একটি ভালো টুর্নামেন্ট খেলা।
২০১২ থেকে ২০১৮ পর্যন্ত চার আসরের মধ্যে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবে এরপরের দুই আসরে ব্যর্থতা পোহাতে হয় একবার গ্রুপ পর্বেই বিদায়, আরেকবার সুপার ফোর পর্যন্ত গিয়েও ফাইনালে উঠতে পারেনি দল।
এশিয়া কাপ শুরুর আগে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বাংলাদেশকে তেমন গুরুত্ব দেননি। তিনি মন্তব্য করেছেন, বড় টুর্নামেন্টে বাংলাদেশ বারবার ব্যর্থ হয়। তবে এ সমালোচনা উড়িয়ে দিয়েছেন জাকের আলি।
তিনি বলেন, কাউকে জবাব দেওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। ড্রেসিং রুমের পরিবেশ সবসময় ভালো থাকে। সার্বিকভাবে আমাদের প্রস্তুতিও খুব ভালো হয়েছে। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ সব মিলিয়ে আমরা এশিয়া কাপ থেকে ভালো কিছু আশা করছি।এবারও বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, তবে শিরোপার স্বপ্নে বুক বাঁধছেন ক্রিকেটাররা।
আরটিভি/এসকে




